
খড়্গপুর 13 ই মার্চ :
হোটেল রেস্টুরেন্ট বড় বড় নার্সিং হোম সহ হাসপাতালের পাশাপাশি এবার গ্যাসের সংকট দেখা দিয়েছে দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি তে। আর তাই প্রিকোশন হিসেবে দুটি চিঠি জেলাশাসক কে দিল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। যদিও সমস্যা সমাধানেও আশ্বাস দিয়েছেন জেলা শাসক।

এবার গ্যাস সংকটে খড়্গপুর আইআইটি প্রিকশন হিসেবে চিঠি গেল জেলা শাসকের কাছে এমনই দাবি আইআইটি তরফে। প্রসঙ্গত উল্লেখ্য, এখন বিশ্বজুড়েই চলছে গ্যাসের সংকট তার কারণ ইরান বনাম আমেরিকা ও ইসরাইল যুদ্ধ। যুদ্ধ যতই দীর্ঘতর হচ্ছে ততই বাড়ছে এই গ্যাসের চাহিদা আর তাতেই সিঁদুরের মেঘ দেখছে ভারত বর্ষ। ইতিমধ্যে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট,হোটেল মিষ্টি দোকানে গ্যাসের সংকট দেখা দিয়েছে।পাশাপাশি এবার গ্যাসের সংকট দেখা দিল খড়গপুর আইআইটি তে। সেই গ্যাসের সংকটে রান্না বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে। এই আশঙ্কায় এ বার পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দ্বারস্থ হলেন খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণাকে চিঠি দেওয়া হয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষর তরফে।তাতে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে।

যদিও এই চিঠির উত্তরে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। আইআইটি তরফে চিঠিতে জানানো হয়েছে এখনই যে গ্যাসের ব্যাপক সংকট ঘটেছে তা নয় কিন্তু প্রিকোশন হিসেবে দুটি চিঠি দেওয়া হয়েছে জেলাশাসককে। আর তাতেই আগামীদিনে গ্যাসের সংকটের কথা জানানো হয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য, দেশের এই প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানে ২৫টি রেসিডেন্সিয়াল হলে প্রায় ১৫ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁদের দু’বেলা খাবার, টিফিন তৈরির জন্য প্রতিটি হলেই রয়েছে ক্যান্টিন। ভেজ এবং নন ভেজ মিল ছাড়াও পড়ুয়াদের দাবি মতো বিভিন্ন পদের রান্না করা হয় সেখানে। সেই জন্য প্রতি দিন গড়ে প্রায় ১০০টি গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। উল্লেখ্য সব থেকে বেশি সিলিন্ডার ব্যবহার হয় লাল বাহাদুর শাস্ত্রী হলে। যার ফলে প্রতিদিনই গ্যাসের সিলিন্ডারের ব্যাপক চাহিদা থাকে।

এ বিষয়ে খড়গপুর আইআইটির তরফে পাবলিক রিলেশন অফিসার (PRO) জানান এখনই গ্যাসের তীব্র সংকট হয়েছে এমনটা নয়। কেবলমাত্র প্রিকোশন হিসেবে দুটি চিঠি দেওয়া হয়েছে জেলার জেলা শাসক কে। যদিও তিনি বকলমে স্বীকার করে নেন পড়ুয়াদের খাবার তৈরিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন হয় আর তা মেটাতে উদ্যোগী হয় গ্যাস কর্তৃপক্ষ গুলো। যদিও তবে এখনই সিলিন্ডারে হাহাকার নেই আইআইটিতে।

যদিও এ বিষয়ে জেলাশাসক থেকে কোন উত্তর না মিললেও সংবাদ সূত্র অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন,আইআইটি খড়্গপুরের এই সমস্যা সমাধানের জন্য ডিলারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এজেন্সিগুলির সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে, শুধুমাত্র আইআইটিতেই নয়, জেলায় অনেকগুলি স্কুলের হস্টেল রয়েছে সেখানেও গ্যাস সিলিন্ডারের প্রয়োজন। এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক।