
মেদিনীপুর 24 সে ফেব্রুয়ারি:
রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। জেলার ৫১টি চক্র ও ডিপিএসসি মিলিয়ে বছরের ৫২টি সপ্তাহ জুড়ে ধারাবাহিকভাবে মোট ৫২টি রক্তদান শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা করা হয়।

DPSC সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হচ্ছিল মিডনাপুর ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর পক্ষ থেকে।অবশেষে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নেন। এর আগে গত জানুয়ারি মাসে জেলা ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকেও তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। এবার তা আনুষ্ঠানিক রূপ পেল। এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি চেয়ারম্যান অনিমেষ দে বলেন “শিক্ষক শিক্ষিকারা সারা বছর ধরেই বিক্ষিপ্তভাবে রক্তদান করে থাকেন,শিবির আয়োজন করেন। তবে এবার থেকে বছরের ৫২ টি সপ্তাহ জুড়ে জেলার ৫১ টি চক্র এবং সংসদের একটি মিলে মোট ৫২ টি শিবির ধারাবাহিকভাবে সংগঠিত করা হবে।”এই কর্মসূচিতে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, বিভিন্ন শিক্ষা আধিকারিক, একাধিক শিক্ষক সংগঠন এবং জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

ইতিমধ্যেই কয়েকটি শিবিরের কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে। এছাড়াও, এদিন Midnapore District Voluntary Blood Donors’ Forum-এর সম্মানীয় জেলা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব গ্রহণ করেছেন চেয়ারম্যান অনিমেষ দে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার এই বৃহৎ রক্তদান কর্মসূচিকে সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।