
মেদিনীপুর 21 সে ফেব্রুয়ারি:
২১শে ফেব্রুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এর ইতিহাস বিভাগে “Society, Culture, and Identity: Emerging Trends in South Asian History” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হল। এই সেমিনারের আহ্বায়ক ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নির্মল কুমার মাহাতো। বিদ্যাসাগর চেয়ার অধ্যাপক অধ্যাপিকা কৌশিকী দাশগুপ্ত যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন Tom Vicker, (অধ্যাপক, Nottingham Trent University); অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায়, (অধ্যাপক, West Bengal State University); ড. নন্দিতা বন্দ্যোপাধ্যায়, (সহযোগী অধ্যাপক, Sidho-Kanho-Birsha University, পুরুলিয়া); এবং ড. শ্রীকান্ত গায়কোয়াড়, (প্রাক্তন অধ্যক্ষ, Mahatma Basweshwar College, লাতুর, মহারাষ্ট্র)। তাঁরা সেমিনারের মূল বিষয়বস্তুর উপর তাঁদের মূল্যবান বক্তৃতা প্রদান করেন। টম ভিকারের বক্তৃতায় পাশ্চাত্য পুঁজিবাদী ব্যবস্থার প্রকৃতির সঙ্গে বিচ্ছিন্নতার প্রশ্নটি ‘মানবাতিরিক্ত শ্রম-পরিবেশতত্ত্ব’-এর আলোচনার মধ্য দিয়ে বিশ্লেষিত হয়, যা দক্ষিণ এশিয়ার সমকালীন পরিবেশ-ইতিহাসচর্চায় এক গভীর তাৎপর্য বহন করে। অধ্যাপক কৌশিক বন্দ্যোপাধ্যায় সমকালীন দক্ষিণ এশীয় ইতিহাসের নানাবিধ দিক উন্মোচন করেন।

ড. নন্দিতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনোত্তর যুগে চলচ্চিত্র ও গণমাধ্যমে নারীর উপস্থাপনার পরিবর্তিত পরিপ্রেক্ষিত নিয়ে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ বক্তৃতা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন গবেষক তাঁদের উদ্ভাবনী গবেষণাপত্র উপস্থাপন করেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, গবেষক এবং অধ্যাপকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেমিনারটি নিঃসন্দেহে উপস্থিত শিক্ষার্থীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করেছে।বিকেল প্রায় ৫টায় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌরভ নস্কর এবং ড. শ্যামাপ্রসাদ দে-র সমাপনী ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। সর্বোপরি, সেমিনারটি এক অত্যন্ত সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিগণিত হয়।