
ঘাটাল 20 ই মার্চ :
বিজেপি জিতলে ঘাটালে রেল ছুটবে, রেলের প্রতিশ্রুতি দিয়ে ঘাটালের জোর কদমে ভোট প্রচার চালাচ্ছে বিজেপি প্রার্থী শীতল কপাট।পোস্টারে লেখা ‘ঘাটালে রেল ছুটবে এটা মোদিজীর গ্যারান্টি।’ ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাট কে। যদিও এই নিয়ে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল।

ইতিমধ্যে ২০২৬ ভোট ঘোষণা হয়েছে, প্রার্থী তালিকা তৈরি প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি।
বিধানসভা ভোটের নির্ঘণ্ট এবং প্রার্থীর নাম ঘোষণা হতেই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে ভোট প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমন আবহে ঘাটালের বিজেপি প্রার্থী রেল পথকে হাতিয়ার করে শুরু করেছে ভোট প্রচার। ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার সাঁটিয়ে ও মানুষজনের সাথে কথা বলে রেল সংযোগের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রচার চালাচ্ছে বিজেপি। সেই পোস্টারে লেখা ‘ঘাটালে রেল ছুটবে এটা মোদিজীর গ্যারান্টি, ঘাটালে রেল আনতে বিজেপি প্রার্থী শীতল কপাট কে বিপুল ভোটে জয়ী করুন।যদিও বিজেপি প্রার্থীর এই রেল ইস্যু কে হাতিয়ার করে ভোট প্রচারকে ঘিরে ঘাটালে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত এই ঘাটাল বিধানসভার গত বিধানসভা এবং লোকসভা তে মূল হাতিয়ার ছিল ঘাটালের মাস্টার প্ল্যান। যদিও জলমগ্ন ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে অভিনেতা দেব বহুবার প্রতিশ্রুতি দিয়ে ভোটের বৈতরণী পার করেছেন। ইতিমধ্যে কেন্দ্র সরকার ছাড়ায় শুধুমাত্র রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ কিছু জায়গা শুরু হয়েছে।তাই এবারে নতুন প্রতিশ্রুতি হিসেবে ঘাটালের রেলপথের পরিকল্পনা এবং প্রতিশ্রুতির কথা জানালো বিজেপি। কারণ রেলপথে যোগাযোগ হয়ে গেলে ঘাটালের বহু মানুষ উপকৃত হবেন বাড়বে সুযোগ সুবিধা।

রেলপথ নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট বলেন, ঘাটালে রেল সংযোগ স্থাপনের বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে তুলে ধরেছি, রাজ্য বিজেপির পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে ঘাটালের গুরুত্ব জানানো হয়েছে।ঘাটালের মানুষ যদি বিজেপিকে জেতান এবং ডবল ইঞ্জিন সরকার গড়ে তাহলে এক বছরের মধ্যেই ঘাটালে রেল চলাচল শুরু হবে।

যদিও বিজেপির এই রেল প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। এই বিষয়ে ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী বলেন,’মোদিজীর গ্যারান্টি বলে বিজেপি যে পোস্টার করছে এটা পুরোপুরি ভাউতা।বিজেপি কখনো ভালো কাজ বাংলার জন্য করেনি বাংলার মানুষকে জব্দ করার বিজেপির প্রথম পরিকল্পনা। ভোটের আগে বিজেপি নতুন কোন ইস্যু নিয়ে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছে, রেলপথ আমরাই করবো।’