
জামবনি 14 ই নভেম্বর :
বাঁধনা পরবের গরু খুঁটান যোগ দিয়ে গ্রামীণ ঐতিহ্যকে রক্ষা করার বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার জামবনির টুলিবড় গ্রামে টুলিবড় খুঁটান পরব কমিটির আয়োজনে ‘বাঁধনা পরব ও খুঁটান মেলা- ২০২৬’ এ যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন, শালবনির বিধায়ক বিমান মাহাতো ও জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন দিলীপ মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন,’ একসময় গ্রামীণ জীবনের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক ছিল। ধান জমির জল নামলে গ্রামের মানুষ জমির আইল কেটে বিলে মাছ ধরতে যেতেন। লেটা, কই, শিঙি, মাগুর সহ বিভিন্ন ধরনের দেশীয় মাছ সহজেই পাওয়া যেত। সেই মাছ ছিল গ্রামের মানুষের কম খরচে পুষ্টিকর খাবারের অন্যতম উৎস। কিন্তু বর্তমানে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে জলাশয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ এবং গ্রামীণ জীবনের এক পরিচিত ছবিও ক্রমশ মুছে যাচ্ছে’। তিনি আরও বলেন, ‘গ্রামের নির্মল পরিবেশ, প্রকৃতি ও নিজস্ব জীবনযাত্রার ঐতিহ্য ধরে রাখা প্রয়োজন। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেদের শিকড়কে ভুলে গেলে চলবে না। গ্রামের উৎসব ও মেলায় বাইরের আড়ম্বরের পাশাপাশি এলাকার নিজস্ব সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে’। আদিবাসী সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন,’জঙ্গলমহলে সাঁওতাল, মুন্ডা, শবর, ওরাঁও, খেড়িয়া, ভূমিজ সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস।

প্রত্যেকের নিজস্ব ভাষা, সংস্কৃতি, নাচ, গান ও উৎসবের পরম্পরা রয়েছে। তাঁদের মধ্যে অনেক প্রতিভাবান লোকশিল্পীও রয়েছেন। তাই আগামী দিনে এই ধরনের মেলায় স্থানীয় লোকশিল্পীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া উচিত’। তিনি আরও বলেন,’মেলায় অন্তত এক থেকে দেড় ঘণ্টা স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। সেখানে সাঁওতালি নৃত্য, ভূমিজ নৃত্য সহ বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশিত হলে মেলার আকর্ষণ আরও বাড়বে। একই সঙ্গে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এলাকার মা বোনেরাও এই ধরনের অনুষ্ঠানে আনন্দের সঙ্গে অংশ নিতে পারবেন’। আগামী দিনে এই মেলাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আদিবাসী সংস্কৃতি এবং স্থানীয় লোকশিল্পীদের বেশি করে যুক্ত করার আহ্বান জানান তিনি। টুলিবড় মাঠে বাঁধা গরু, মহিষকে ধমসা, মাদলের বোলে খুঁটানা হলে অংশ নেয় পঞ্চায়েত মন্ত্রী।

খুঁটান শেষে চিচিড়া গ্রামের একটি হনুমান মন্দির পরিদর্শন করেন দিলীপ ঘোষ।