
মেদিনীপুর 16 ই নভেম্বর :
জগদ্ধাত্রী পুজোর মধ্যখানেই ছট পুজোয় মাতলেন মেদিনীপুরের বাঙালি ও অবাঙালির মানুষজন। এদিন মেদিনীপুরের বিভিন্ন জলাশয়, নদীর ঘাটে ঘাটে এই পূজার ভিড় ছিল দেখার মতো। সূর্যদেবের পুজোর পাশাপাশি পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির কামনা করেন মানুষজন। সেইসঙ্গে আতশবাজি ফাটিয়ে, ফানুস ছেড়ে পুজোর আনন্দ ভাগ করে নেন আমজনতা। এদিন নৌকায় করে এই পূজা পরিদর্শন করেন বিধায়ক সংকর কুমার গুছাইত, জানান শুভেচ্ছা।

বিশ্বকর্মা লক্ষীর পাশাপাশি দুর্গা ও কালী পূজা শেষ সঙ্গে এবার অবাঙালিদের উৎসব ছট পুজো শুরু হয়ে গেল মেদিনীপুরে। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে শহরের গান্ধী ঘাট, ডিএভি ঘাট খড়্গপুরের বিভিন্ন জলাশয় নদীর ধার এবং ঘাটাল কেশপুর গড়বেতা সহ বিভিন্ন জায়গায় ছট পুজো পালিত হলো উৎসাহ উদ্দীপনায়। আগের দিন রাত থেকে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। এদিন বিকেল দুপুর হতেই নদীর ধারগুলোতে ভিড় জমান জেলার অবাঙালি মানুষজন। সূর্য দেবতার পূজার পাশাপাশি আতশবাজি প্রদর্শন এর মধ্য দিয়ে এই উৎসব পালন করা হয়। তথাকথিত তথ্য অনুযায়ী, এই ছট পূজা হলো ভারতের একটি প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী সূর্য ও ষষ্ঠী দেবী (ছটী মাইয়া)-র আরাধনার উৎসব। মূলত সংস্কৃত শব্দ ‘ষষ্ঠী’ থেকে ‘ছট’ শব্দের উৎপত্তি হয়েছে, যার অর্থ ষষ্ঠ। দীপাবলির বা কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা হয় বলে একে ‘সূর্য ষষ্ঠী ব্রত’ও বলা হয়। ঋগ্বেদে সূর্য দেবতার উপাসনা এবং প্রকৃতিকে ধন্যবাদ জানানোর মন্ত্র পাওয়া যায়, যা থেকে ঐতিহাসিকদের ধারণা এই উৎসবের শেকড় বৈদিক যুগ বা তারও আগে বিস্তৃত।

বনবাস থেকে অযোধ্যায় ফেরার পর শ্রীরামচন্দ্র ও মাতা সীতা কার্তিকী ষষ্ঠী তিথিতে সূর্যদেবের উদ্দেশ্যে ব্রত ও পূজা করেছিলেন বলে বিশ্বাস করা হয়। কৌরবদের কাছে সর্বস্ব হারিয়ে পান্ডবরা বনবাসে থাকাকালীন দ্রৌপদী এই ব্রত রেখেছিলেন, যার ফলে তাঁদের হারানো রাজ্য ও শক্তি ফিরে পাওয়ার পথ সুগম হয়েছিল বলে লোককথা রয়েছে। এছাড়া মহাভারতের অন্যতম যোদ্ধা কর্ণ প্রতিদিন জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতেন, তাঁর সূর্য উপাসনার রীতির সাথে ছটের মিল পাওয়া যায়। যদিও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী, সৃষ্টির শুরুতে প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হয়েছিলেন দেবী ষষ্ঠী বা ছটী মাইয়া, যিনি শিশুদের রক্ষাকর্ত্রী। রাজা প্রিয়ব্রত এই ব্রত পালন করে মৃত সন্তানকে ফিরে পেয়েছিলেন বলে উল্লেখ রয়েছে।প্রচলিত অঞ্চল ও ঐতিহ্য মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং নেপালের তরাই অঞ্চলে এই উৎসবের প্রচলন দীর্ঘদিনের। কালক্রমে কাজের সূত্রে পরিযায়ী মানুষদের হাত ধরে এটি পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন বড় শহর এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। চার দিনের এই মহাপূজায় অস্তগামী ও উদয়মান দুই সূর্যকেই অর্ঘ্য নিবেদন করা হয়।

ছট পুজোর আচার নিয়ম:
চারদিনের এই ব্রতের প্রথম দিনে ব্রতধারী বাড়িঘর পরিষ্কার করে স্নান সেরে শুদ্ধাচারে নিরামিষ ভোজন করেন (যাকে নহায়-খায় বলা হয়)। পরদিন থেকে উপবাস শুরু হয়; ব্রতী দিনভর নির্জলা উপবাস পালনের পর সন্ধ্যায় পূজার শেষে ক্ষীরের ভোগ গ্রহণ করেন (এটি খরনা নামে পরিচিত)। তৃতীয় দিনে নিকটবর্তী নদী বা জলাশয়ের ঘাটে গিয়ে অন্যান্য ব্রতীর সাথে অস্তগামী সূর্যকে অর্ঘ্য অর্থাৎ দুধ অর্পণ করা হয়। ব্রতের শেষদিনে পুনরায় ঘাটে গিয়ে উদীয়মান সূর্যকে পবিত্র চিত্তে অর্ঘ্যপ্রদানের পর উপবাসভঙ্গ করে পূজার প্রসাদরূপে সাধারণত বাঁশ নির্মিত পাত্রে (বা সুপে) গুড়, মিষ্টান্ন, ক্ষীর, ঠেকুয়া, ভাতের নাড়ু এবং আখ, কলা, মিষ্টি লেবু প্রভৃতি ফল জনসাধারণকে দেওয়া হয়।

এদিন এই ছট পূজা উপলক্ষে যেমন অবাঙালি মানুষজনের ভিড় ছিল তেমনি ছিল বাঙালি মানুষের লোকজনদের ভিড়, উদ্দেশ্য পুজোয় অংশ নেওয়া। এদিন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুমার গুছাইত তিনি নৌকায় করে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিদর্শন করলেন এই ছট পুজোর। আগামীকাল ভোর বেলায় এই ছট পূজো উপলক্ষে আরেক প্রস্থ পুজো পার্বণ সারবেন এই অবাঙালি মানুষজন।

এই বিষয়ে এ বিষয়ে পুনম মিশ্র ও রামজি মিশ্র বলেন,”মূলত সূর্য দেবতার পূজা করতে প্রতি বছরই আমরা এখানে ছুটে আসি। পরিবারের সুখ সমৃদ্ধি সেইসঙ্গে ব্যবসার উন্নতি কামনা নিয়ে এই পুজোয় মেতে থাকি আমরা। সারাদিন আমরা উপোস করে থাকি সেই সঙ্গে কালকে পুজো করার পরেই সেই নির্জলা উপোস ভঙ্গ হয়। এই পূজার সবার। বিবেক ওবেরয় বলেন,’ এটা আস্থার পুজো। এখন বিহার ছাড়িয়ে গোটা বেঙ্গলে এর প্রচার ব্যাপক পরিমাণে বেড়েছে। বিশেষ করে এই পশ্চিমবাংলায় এ পুজোর প্রচলন এবং পুজোতে অংশগ্রহণ করা মানুষের সংখ্যা বেড়েছে। আমরা চাই এ পুজোয় সবাই মেতে উঠুক এবং সুখ শান্তি সমৃদ্ধি কামনা করুন।”