DAV School : খুদে পড়ুয়াদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ডিএভি পাবলিক স্কুলে বর্ণাঢ্য অনুষ্ঠান ‘বাল ধামাল’

Share

মেদিনীপুর 24 শে নভেম্বর:

মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলে অত্যন্ত জাঁকজমক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশু দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাল ধামাল’অনুষ্ঠিত হল। খুদে পড়ুয়াদের প্রতিভা বিকাশের লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মূলত এইদিন সকাল থেকেই গান , নাচ ও হাস্য কৌতুকের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে বিদ্যালয় অঙ্গন। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও কচি – কাঁচাদের নিয়ে এক গুচ্ছ রঙিন বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্ষুদে শিল্পীরা রঙিন পোশাকে সজ্জিত হয়ে প্রাণবন্ত পরিবেশনা উপস্থিত করে অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিধায়ক ডঃ শঙ্কর কুমার গুচ্ছাইত, মেদিনীপুরে পৌরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী মদন মোহন মাইতি, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এস . এন ত্রিপাঠী, মেদিনীপুরে কলেজের পদার্থ বিদ্যার বিভাগীয় প্রধান ডঃ তনুশ্রী পাল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের অধ্যক্ষ এন .কে গৌতম তাঁর বক্তব্যে পড়ুয়াদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের ভূয়সী প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ছাত্র – ছাত্রী দ্বারা আয়োজিত বিভিন্ন বিষয়ের উপর মডেল প্রদর্শনী। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *