
মেদিনীপুর 14 ই জুলাই :
আইসিপিআর (ICPR)-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত একদিনের জাতীয় সেমিনারে ‘পাঠ্য, অর্থ ও পাঠকঃ হারমেনিউটিক দর্শনের অনুসন্ধান’ গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন পর্ব।

দর্শন ও জীবন-জগৎ বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং Indian Council of Philosophical Research (ICPR), New Delhi-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৪ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের বীরেন্দ্রনাথ শাসমল সভাগৃহে একদিনের জাতীয় স্তরের সেমিনারের সফল আয়োজন করা হয়। এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল প্রখ্যাত ভারতীয় দার্শনিক অধ্যাপক জিতেন্দ্র নাথ মহান্তি-র দর্শনচিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা, বিশেষত ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন রচনায় তাঁর অবদানকে নতুনভাবে মূল্যায়ন করা। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, উপাচার্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও ICPR এর সভাপতি; অধ্যাপক অরিন্দম গুপ্ত, কার্যনির্বাহী অধিকর্তা (ডিন), কলা ও বাণিজ্য অনুষদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়; ড. জয়ন্ত কিশোর নন্দী, রেজিস্ট্রার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক মধুচ্ছন্দা সেন, দর্শন বিভাগ।

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, ড. সরোজ কান্ত কর, বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, উৎকল বিশ্ববিদ্যালয়; এবং প্রফেসর ঝাড়েশ্বর ঘোষ, বিভাগীয় প্রধান, দর্শন ও জীবন-জগৎ বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে দর্শন ও জীবন-জগৎ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ঝাড়েশ্বর ঘোষ এবং মোসারেফ হোসেন -এর যৌথ রচনায় প্রকাশিত ‘পাঠ্য, অর্থ ও পাঠক,হারমেনিউটিক দর্শনের অনুসন্ধান’ শীর্ষক গ্রন্থটির শুভ উন্মোচন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দের করকমলে সম্পন্ন হয়। গ্রন্থটি পাশ্চাত্য হারমেনিউটিক দর্শনের ধারাবাহিক বিকাশকে প্লেটো থেকে জ্যাক দেরিদা পর্যন্ত সুবিন্যস্ত ও বিশ্লেষণাত্মক ভাবে উপস্থাপন করেছে।

বিশেষত জটিল দার্শনিক তত্ত্বকে সহজ, প্রাঞ্জল ও সাবলীল বাংলা ভাষায় ব্যাখ্যা করার মাধ্যমে এই গ্রন্থটি বাংলা ভাষায় হারমেনিউটিক দর্শনচর্চার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। স্নাতক (U.G.) ও স্নাতকোত্তর (P.G.) স্তরের শিক্ষার্থী, গবেষক, শিক্ষক এবং দর্শন-অনুরাগী সাধারণ পাঠকদের জন্য গ্রন্থটি একটি মূল্যবান সহায়ক ও নির্ভরযোগ্য পাঠ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।