
কেশপুর 23 সে এপ্রিল :
ভোট দিতে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া কেশপুরে। মূলত পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের সরিষাখোল এলাকায় ভোট দিতে গিয়ে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম ইসরাতন বিবি(৫০)। এলাকায় শোকের ছায়া, SIR কে দায়ী করল পরিবার।

সূত্রে জানা যায় এই মহিলার বাড়ি কেশপুরের সীমাগেড়িয়া এলাকায়।পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ায় তাঁর স্বামী শেখ নবাব জান আলীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে। এই ঘটনায় গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন ইসরাতন বিবি ও তাঁর পরিবার। স্বামীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার আশঙ্কায় রাতের পর রাত ঘুম হারাম হয়ে গিয়েছিল তাঁদের।এর আগে স্বামী-স্ত্রী একসঙ্গে বহুবার ভোট দিয়েছেন। কিন্তু এবারে স্বামীর নাম তালিকায় না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েন ইসরাতন বিবি। মন খারাপ নিয়েই বৃহস্পতিবার সকালে তিনি পাশের দিঘা বুথে ভোট দিতে যান। অভিযোগ, ভোট দিয়ে বুথ থেকে বেরিয়ে আসার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে সাহায্য করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়।

ইসরাতন বিবির পরিবারে রয়েছেন তাঁর স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাজুড়ে ছড়িয়েছে গভীর দুঃখ ও উদ্বেগ। এই ঘটনার খবর পেয়ে এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা মৃতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। এই ঘটনায় নির্বাচন কমিশন কে কাঠগোড়ায় তুলেছেন এই তৃণমূল প্রার্থী। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কেশপুর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে।