Vidyaagar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন ও দ্বি-দিবসীয় গবেষক সম্মেলন

Share

মেদিনীপুর 19 সে নভেম্বর :

ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘দর্শন ও জীবন-জগৎ’ বিভাগের উদ্যোগে ১৮ ও ১৯ নভেম্বর এক দ্বি-দিবসীয় বিভাগীয় গবেষক সম্মেলন অনুষ্ঠিত হলো। বিশ্ববিদ্যালয়ের রাজনারায়ণ বসু সভাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

মূলত মানবজীবন, শিক্ষা ও সমাজে দর্শনের চিরন্তন প্রাসঙ্গিকতা তুলে ধরতেই প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্ব দর্শন দিবস পালিত হয়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশগত সংকট এবং সামাজিক বৈষম্যের মতো জটিল চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় যুক্তিনিষ্ঠ বিচারবোধ ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করাই এই দিবসের মূল লক্ষ্য। সম্মেলনের প্রথম দিন অর্থাৎ ১৮ নভেম্বর বিভাগের নথিভুক্ত গবেষকবৃন্দ তাঁদের গবেষণার অন্তর্ভুক্ত নির্দিষ্ট বিষয়বস্তু ও মূল যুক্তি নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। প্রতিটি উপস্থাপনার পর প্রশ্নোত্তর ও গঠনমূলক আলোচনায় অংশ নেন উপস্থিত অধ্যাপক ও গবেষকেরা। অংশগ্রহণকারী সকল গবেষককে শংসাপত্র প্রদানের পাশাপাশি, বিভাগ কর্তৃক গঠিত বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ গবেষণাপত্র উপস্থাপককে ‘সেরা গবেষণাপত্র পুরস্কার’ প্রদান করে সম্মানিত করা হয়।

দ্বিতীয় দিন, ১৯ নভেম্বর বিশ্ব দর্শন দিবসের বিশেষ উদযাপন অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান, অধ্যাপক ঝাড়েশ্বর ঘোষের স্বাগত ভাষণের পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী ভাষণে তিনি দর্শনের আন্তঃবিষয়ক চর্চা এবং মুক্ত চিন্তার ওপর গুরুত্ব আরোপ করেন।দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল রায় মহাশয়। তিনি বাউল দর্শন এবং ঐ দর্শনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রসঙ্গে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন। দ্বিতীয় বক্তা, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Adjunct Faculty অধ্যাপক এস. পন্নীরসেলভাম বক্তব্য রাখেন জার্মান দার্শনিক হেবারমাসের সংলাপ দর্শনের উপরে। তৃতীয় বক্তা, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীননাথ ঘটক মহাশয় বক্তব্য রাখেন অতি অল্প চর্চিত দার্শনিক কিন্তু উচ্চমানের গবেষক হোটি বিদ্যালঙ্কারের জীবন ও দর্শন চর্চার উপরে।

এই বিশিষ্ট অধ্যাপকদের মূল্যবান মতামত ও গঠনমূলক পরামর্শ গবেষকদের আগামী দিনের গবেষণার কাজকে আরও সুদৃঢ় করতে বিশেষভাবে সাহায্য করেছে। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *