
মেদিনীপুর 9 ই অক্টোবর :
পুজোর মুখে বৃদ্ধ – বৃদ্ধাদের হাসি ফোটাতে নিজের জন্মদিন পালনে এগিয়ে এলো বছর ২৪ এর শিবম। জন্মদিনের কেক কেটে, এই সমাজ থেকে বঞ্চিত মহিলা পুরুষদের সেই কেক খাইয়ে নতুন শাড়ি জামা কাপড় তুলে দিয়ে খুশি সে। এবারে তার উপরি পাওনা হিসেবে পুজো দেখার জন্য হাত খরচা দিল শিবম। কাঁপা কাঁপা হাতে আশীর্বাদ করলেন এই আশ্রয়ে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা।একটাই আক্ষেপ,আগে জানলে এই শিবমের জন্য কিছু ব্যবস্থা করা যেত।

মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত অনয় মাইতি। দীর্ঘদিন ধরেই তিনি মানুষের জন্য সমাজসেবা মূলক বহু কাজ করেছেন এবং তার কাজকর্মকে পাশে থেকে উৎসাহ দিয়ে চলেছেন তার পরিবারের কন্যা সূচি এবং পুত্র শিবম। স্ত্রী স্মৃতিকণা মাইতিও চান স্বামী যা কাজ করুক যেন সামাজিক মঙ্গল সাধনের জন্য হয়। তাই প্রতিবছরই তাদের পরিবারের লোকেদের জন্মদিন পালন করা হয় ‘স্পেশাল মা-বাবা’ অর্থাৎ বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের সঙ্গে। তাই এবার পায়ে পায়ে ২৪ তম জন্মদিনে পড়ল মাইতি পরিবারের পুত্র শিবমের। আর তাই তারা তাদের কর্মসূচি অনুযায়ী এদিন মেদিনীপুরে বাসস্ট্যান্ডে আশ্রয় নামক বৃদ্ধাশ্রমে উপস্থিত হন সেই জন্মদিন পালন করতে। সমাজ থেকে বিচ্ছিন্ন এই পুরুষ-মহিলারা একধারে জীবন কাটান নিঃসঙ্গভাবে। আর সেই নিঃসঙ্গতাকে দূর করতেই এদিন তাদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলো ২৪ বছরের যুবক শিবম। সেই সঙ্গে নতুন শাড়ি – জামা কাপড় তুলে দেওয়া হল এই বৃদ্ধ-বৃদ্ধাদের।

তবে এবারে শিবম এর বিশেষ উদ্যোগ ছিল ঠাকুর দেখার জন্য ‘স্পেশাল মা-বাবাদের জন্য বিশেষ উপহার’। একটি খামে করে কিছু টাকা ভরে সেই বৃদ্ধ বৃদ্ধাদের হাতে দেন যাতে তারা নতুন জামা কাপড় পরিধানের সঙ্গে হেসে খেলে ঠাকুর দেখতে পারেন। এই জন্মদিন উপলক্ষে উপস্থিত হন মেদিনীপুরের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু, বিধায়ক প্রতিনিধি অপরূপ বকশি, বুদ্ধ চক্রবর্তী সহ মাইতি পরিবারের সকল সদস্য/ সদস্যা।এক গাল হাসি, আর পেট পুরে খাওয়া-দাওয়া সেই সঙ্গে বাড়তি পাওনা ঠাকুর দেখার টাকা পেয়ে খুশি বৃদ্ধ – বৃদ্ধারা। তারা দুহাত ভরে আশীর্বাদ করেন শিবম কে। অনেক বৃদ্ধ বৃদ্ধাদের আক্ষেপ, আগে জানলে আমরাও কিছু দেওয়ার ব্যবস্থা করতাম শিবম কে।

এ বিষয়ে মাইতি পরিবারের সদস্য অনয় মাইতি বলেন, ‘আমাদের মুল টার্গেট হলো সামাজিক উন্নতি সাধন। সেই সঙ্গে পিছিয়ে পড়া দুস্থ এবং পরিবার থেকে বিচ্ছিন্ন বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্য করা। আমাদের পরিবারের সকল সদস্যদের অনুষ্ঠানেই আমরা এসেছি এবং এ ধরনের অনুষ্ঠানে সামিল হয়েছি। এবারে এক্সট্রা করে পাওনা শিবমের মাথা থেকে বেরোনো তাদের হাত খরচা দেওয়া। আজকে নতুন শাড়ির পাশাপাশি তাদের পেট পুরে খাওয়ানো হলো, দেওয়া হলো পুজোর হাত খরচা।’
তবে শিবমের বক্তব্য,’ আমরা নতুন বস্ত্র যেমন প্রদান করি তেমনি আমরা অনুভব করি তাদেরও টাকার প্রয়োজন আছে। আর এই পুজোতে বিশেষ প্রয়োজন সেই অর্থের। আর তাই যৎসামান্য সাহায্য করা হলো এই সকল বাবা-মা দের।’

অন্যদিকে অনুষ্ঠানে নিয়ন্ত্রিত কাউন্সিলর সৌরভ বসু বলেন,’ এ ধরনের মানবিক উদ্যোগ যত মানুষ করে আসবে ততই এই আশ্রমে বৃদ্ধ- বৃদ্ধাদের সংখ্যা কমবে। কারণ দশটা ছেলে মেয়েকে মানুষ মানুষ করতে পারে বাবা-মা কিন্তু একটা মা-বাবাকে পালন করতে পারে না তার দশটা ছেলে মেয়ে,এটা খুবই শুনতে কষ্ট লাগে। তাই মাইতি পরিবারের এই ধরনের মানবিক উদ্যোগে আমরা পাশে রয়েছি, চিরদিন থাকবো।’

বিধায়ক প্রতিনিধি অপূর্ব বক্সী বলেন,’ এই ধরনের মাইতি পরিবারের উদ্যোগ সত্যি সাধুবাদ জানাই। এখানে এসে আমাদের চোখে জল এসে গেছে। কারণ সমাজ এবং পরিবার থেকে বঞ্চিত এই বৃদ্ধ-বৃদ্ধারা নিঃসঙ্গভাবে দিন কাটাচ্ছে এটা দেখে খুবই কষ্ট হচ্ছে যে ছেলে মেয়েকে এতদিন ধরে বড় করলো তার বাবা মা রা তাদের শেষ জীবনে এই করুন পরিণতি কেন! তাই তাদের আমরা পাশে রয়েছি আর শিবমের উদ্যোগকে আমরা স্যালুট জানাচ্ছি।’