
ঝাড়গ্রাম 10 ই নভেম্বর :
মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো কৃষি সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রাচীন উৎসব ‘পৈড়ান’। ‘পৈড়ান’ গ্রামবাংলার বিশেষ করে জঙ্গলমহল তথা সুবর্ণ রৈখিক অববাহিকার একটি প্রাচীন লৌকিক উৎসব। কালীপূজার পরের দিন অর্থাৎ কার্তিক মাসের শুক্লা প্রতিপদে কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত এই উৎসব অনুষ্ঠিত হয়। আগেকার দিনে প্রায় সব কৃষক পরিবারে, বিশেষ করে সম্পন্ন কৃষক পরিবারের বাড়ীর সম্মুখ ভাগে সকালের দিকে ‘পৈড়ান গাড়া’ হতো আর তা সাজানো হতো নানান ফুল দিয়ে ।আর লাগানো হতো ‘পিঠালী বাটা বা পিটুলী’।

অনেকটা লম্বা পাটের গোছাকে চুলের বিনুনী মতো করা হতো এবং সেটাকে মাথার দিকে গোলা করে মাটির নীচে ফুট তিনেক গর্ত করে বেশ শক্তপোক্ত ভাবে পোঁতা বা গাড়া হতো। কোথাও কোথায়ও পাশাপাশি দুটো একটি ছোট গর্ত আর একটি চাওড়া গর্ত করা হতো। তারপর চাওড়া গর্ত থেকে শক্ত কাঠের খিল ঠুকে ঠুকে মাটির নীচ দিয়ে ছোট গর্তে দিকে দেওয়া হতো আর এই ছোট গর্তেই কাঠের খিলের সঙ্গে বাঁধা হতো পাটের বিনুনি করা সেই মোটা দড়ি এবং গর্তগুলো খুব ভালো করে বোঝানো হতো। বিকেলের গ্রামের যুবকরা আর ক্ষেতমজুররা শাল বল্লি বা শক্ত বাঁশের সাহায্যে সেই পাটের বিনুনী কে মাটির তলা থেকে তুলতেন আর বাজতে থাকত কাডা, নাকড়া, মাদল, ঢোলের মতো নানা রকম বাদ্যযন্ত্র আর কান ফাটানো কুয়াকুলি। যে বা যাঁরা পৈড়ান তুলতেন তাঁদের জন্য থাকতো পুরস্কার যার বেশিরভাগটাই খাদ্যদ্রব্য। বড়দের কাছ থেকে শোনা, কোন কোন সম্পন্ন কৃষক পুরস্কার হিসাবে খাসি বেঁধে রাখতেন।

আবার বিনুনী ছিঁড়ে গেলে যিনি পুঁতেছেন তাঁকে মাসুল গুনতে হত। মাসুল হিসাবে খাওয়াতে হতো পৈড়ান তোলার দলকে। পাটের পরিবর্তে কোথায়ও কোথাও বাঁশের কঞ্চি বা বনের শক্ত লতাকেও ব্যবহার করা হতো। দিন বদলেছে বদলেছে উৎসবের ধরণ ও জৌলুস। এখনও কোথায়ও কোথায়ও গ্রামের মোড়ে ছেলে ছোকরারারা নিজ উদ্যোগে ‘পৈড়ান’ গাড়েন এবং তোলেন। কারো কারো মতে পৈড়ান আসলে বলি দৈত্যরাজ পূজার অঙ্গ।এখনও সুবর্ণ রৈখিক অববাহিকার গোপীবল্লভপুর-২ নং ব্লকের জুনশোলা, নয়াগ্রাম ব্লকের ছোট ঝরিয়া গ্রামসহ বেশ কিছু গ্রামে পৈড়ান হয়। জুনশোলা গ্রামের বাসিন্দা, সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সুবর্ণরৈখিক পরিবার ‘ আমারকার ভাষা,আমারকার গর্ব এর পরিচালক মন্ডলীর অন্যতম সদস্য বিশ্বজিৎ পাল জানান, গ্রামবাসীদের সহযোগিতায় এবারেও তাঁদের গ্রামে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পৈড়ান অনুষ্ঠিত হয়েছে। নয়াগ্রাম গ্রামের বাসিন্দা উৎসাহী যুবক রিংকু ঘোষ জানিয়েছেন গ্রামবাসীদের সহযোগিতায় তাঁদের গ্রামে পৈড়ানের পাশাপাশি পরিখেল ও কলাগাছে চড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লোকসংস্কৃতি বিষয়ে অনুসন্ধিৎসু শিক্ষক সুদীপ কুমার খাঁড়া বলেন, আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে এই কৃষি সংস্কৃতির সঙ্গে জড়িত এই উৎসব গুলো হারিয়ে যেতে বসেছে। এগুলোকে বাঁচিয়ে রাখতে সবাইকে উদ্যোগী হতে হবে।