
খড়্গপুর 25 সে নভেম্বর :
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) উদ্যোগের আওতায় আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক কর্মসূচিতে সহায়তার হাত বাড়িয়ে দিল রশ্মি গ্রুপ। প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিগুলোর মাধ্যমে শিক্ষা, গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক সামাজিক উন্নয়নের প্রতি নিজেদের প্রতিশ্রুতি আরও একবার স্পষ্ট করল সংস্থাটি।

সম্প্রতি সফলভাবে সম্পন্ন হওয়া এই দুটি কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, গবেষক, বিশেষজ্ঞ এবং সরকারি প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।প্রথম কর্মসূচিটি ছিল “ফ্রম পলিসি টু প্র্যাকটিস: হেল্পিং আরবান লোকাল বডিস (ইউএলবি) ইমপ্লিমেন্ট দ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস এফেক্টিভলি” শীর্ষক একটি দু’দিনের কর্মশালা। আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অঙ্গ হিসেবে গত ১৭ ও ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে কলকাতার নিউ টাউনের রাজারহাট ক্যাম্পাসে অবস্থিত আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ব্রজেশ কুমার দুবে এবং রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বিভাগের অধ্যাপক উদয় শঙ্করের উদ্যোগে কর্মশালাটি আয়োজিত হয়। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল।

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস) কার্যকর করার ক্ষেত্রে পুরসভা ও নগর স্থানীয় সংস্থাগুলো (ইউএলবি) যে বাস্তবিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কর্মশালায় মূলত তা নিয়েই আলোকপাত করা হয়। পাশাপাশি পারস্পরিক জ্ঞান বিনিময় এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার মাধ্যমে কীভাবে কার্যকর, পরিবেশবান্ধব ও দীর্ঘস্থায়ী সমাধান সূত্র বের করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।দ্বিতীয় কর্মসূচিটি ছিল “অ্যাডভান্সেস ইন সিএফডি মডেলিং ফর হাইড্রোলিক্স অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিং” শীর্ষক চার দিনের একটি জাতীয় কর্মশালা। এটিও প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের অধীনে গত ১৭ থেকে ২০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত আইআইটি খড়্গপুরে অনুষ্ঠিত হয়।সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মহম্মদ সৌদ আফজলের পরিচালনায় আয়োজিত এই কর্মশালায় ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের বাছাই করা ২৫ জন পিএইচডি গবেষক এবং নবীন অধ্যাপক অধ্যাপিকা অংশ নেন।

এই কর্মশালায় অংশগ্রহণকারীদের অ্যানসিস ফ্লুয়েন্ট (ANSYS Fluent), ওপেনফোম (OpenFOAM) এবং রিফথ্রিডি (REEF3D)-এর মতো উন্নত কম্পিউটেশনাল ফ্লুইড ডায়নামিক্স (সিএফডি) টুলসের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি কেস স্টাডি এবং শিক্ষামূলক ক্ষেত্রসমীক্ষার অংশ হিসেবে বঙ্গোপসাগর উপকূল পরিদর্শনেরও ব্যবস্থা করা হয়েছিল। হাইড্রোলিক্স এবং উপকূলীয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তরুণ গবেষকদের গবেষণার মানোন্নয়ন, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত সুযোগ প্রসারিত করাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
এই উদ্যোগগুলোর মাধ্যমে রশ্মি গ্রুপ আবারও প্রমাণ করল যে অর্থপূর্ণ সিএসআর কেবল আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে, প্রতিভার বিকাশ ঘটায়, উদ্ভাবনকে উৎসাহিত করে এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও পরিবেশগত মূল্য তৈরি করে।

এ প্রসঙ্গে রশ্মি গ্রুপের এগজিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, “রশ্মি গ্রুপ সবসময়ই আমাদের সিএসআর উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ। যে সব শিল্প-শিক্ষা (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া) যৌথ উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায়ন করে, প্রতিভা লালন করে এবং দীর্ঘমেয়াদী সামাজিক ও পরিবেশগত মূল্য সৃষ্টি করে, আমরা সর্বদা তার পাশে থাকব।”