Rashmi Group: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কর্মশালা! রশ্মি গ্রুপের CSR উদ্যোগে শিল্পক্ষেত্রে নির্গমন কমানোর প্রশিক্ষন আইআইটি খড়্গপুরে

Share

খড়্গপুর 17 ই নভেম্বর :

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও শিল্পক্ষেত্রে নির্গমন হ্রাসের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ। রশ্মি গ্রুপের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) উদ্যোগে আইআইটি খড়্গপুরে শুরু হল দু’সপ্তাহের বিশেষ কর্মশালা। ১৬ থেকে ২৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মসূচি।

আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ. এন. রায় সেমিনার হলে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ‘Emission Minimization Approaches and Performance of Pollution Control Equipments in Chemical and Allied Industries’ শীর্ষক এই কর্মশালায় রাসায়নিক ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে নির্গমন কমানোর আধুনিক পদ্ধতি এবং দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্রপাতির কার্যকারিতা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।এই কর্মশালার সমন্বয়ের দায়িত্বে আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (HAG) ভীম চরণ মেইকাপ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক রিন্টু ব্যানার্জি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের জেনারেল ম্যানেজার (Environment & CSR) নটবর বিসওয়াল । এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী। প্রধান অতিথি PPL-এর ভাইস প্রেসিডেন্ট (Projects) পালানিসামি ভেলুস্বামী অনলাইন মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ভীম চরণ মেইকাপ কর্মশালায় সহযোগিতার জন্য রশ্মি গ্রুপকে ধন্যবাদ জানান। অন্যদিকে, অধ্যাপক রিন্টু ব্যানার্জি ও অধ্যাপক সুদীপ্ত চক্রবর্তী আইআইটি খড়্গপুরের সঙ্গে রশ্মি গ্রুপের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।।রশ্মি গ্রুপের জেনারেল ম্যানেজার নটবর বিসওয়াল বলেন, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগেই টেকসই উন্নয়ন সম্ভব। তাঁর মতে, নির্গমন হ্রাস শুধুমাত্র নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার পরিচয়। আইআইটি খড়্গপুরের সঙ্গে এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি। অন্যদিকে, রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী জানান, CSR উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং গবেষণামূলক কর্মসূচিতে সহযোগিতা করাকে সংস্থা বিশেষ গুরুত্ব দেয়।

পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, কার্বন সিকোয়েস্ট্রেশন ও টেকসই উন্নয়নের মতো বিষয়েও ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান। উল্লেখ্য, এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক, অধ্যাপক এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এই কর্মশালা বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *