
মেদিনীপুর 26 সে আগস্ট :
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার হলে ‘গ্রন্থাগার কথামালা’ (Library Talks)-র প্রথম অধিবেশনটি অনুষ্ঠিত হয়। এইদিন উপাচার্য উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ইন্দ্রনীল আচার্য।

এইদিন প্রারম্ভিক ভাষণে অধ্যাপক আচার্য লোককথা তথা লোকজীবন নিয়ে অ্যাকাডেমিক চর্চার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এরপর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবদাস রায় ‘জেটোরদের কথা’ শীর্ষক একটি মনোজ্ঞ ও তথ্যসমৃদ্ধ বক্তৃতা প্রদান করেন অধ্যাপক রায়ের বক্তৃতায় পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন অঞ্চলে বসবাসকারী প্রায়-অজ্ঞাত জনগোষ্ঠী জেটোরদের নৃতাত্ত্বিক ইতিহাস, জীবনচর্যা, লোককথা, অর্থনৈতিক জীবন, ঐতিহ্য এবং বর্তমান সংকটের নানা দিক বিশদভাবে উঠে আসে। তাঁর বক্তব্যে এই প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির বিভিন্ন অনালোচিত দিক সম্পর্কে শ্রোতারা সমৃদ্ধ হওয়ার সুযোগ পান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক-গবেষিকা এবং ছাত্রছাত্রীদের উৎসাহব্যঞ্জক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ‘গ্রন্থাগার কথামালা’-র প্রথম অধিবেশনটি ছিল অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ।

লোকজীবন, লোকসংস্কৃতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অনালোচিত ইতিহাসকে অ্যাকাডেমিক পরিসরে আলোচনার এই উদ্যোগ ভবিষ্যতেও আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।