
মেদিনীপুর 19 সে মার্চ :
বৃহস্পতিবার বাংলা বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিবেকানন্দ সভাগৃহে ‘বাংলা কথাসাহিত্যের পথ চলা : উনিশ থেকে একুশ শতক’ শীর্ষক এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হলো।এই আলোচনাচক্রের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

এই দিনের সংশ্লিষ্ট আলোচনাচক্রে সূচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ড. রামকুমার মুখোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট বক্তা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিদ্যাসাগর চেয়ার প্রফেসর ড. হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রকাশ কুমার মাইতি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ছন্দা ঘোষাল বিভাগের বরিষ্ঠ অধ্যাপক বাণীরঞ্জন দে, অধ্যাপক সুজিত কুমার পাল, অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক সরোজকুমার পান, প্রাক্তন অধ্যাপক লায়েক আলি খান, প্রাক্তন অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, ড. মহর্ষি সরকার, ড. সাগরিকা ঘোষ প্রমুখ। সেই সঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থী, গবেষক ও অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দের গবেষণাপত্র উপস্থাপনের ব্যবস্থাও ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর উদ্বোধনী ভাষণে জানিয়েছে ‘সুদীর্ঘ উনিশ শতক থেকে একুশ শতক পর্যন্ত বাংলা কথাসাহিত্যের বহুমুখী দিককে তুলে ধরাই এই আলোচনা চক্রের মূল লক্ষ্য। আশা করি সেই লক্ষ্যে পৌঁছতে পারব আমরা সবাই।’ বিভাগীয় প্রধান অধ্যাপিকা ছন্দা ঘোষাল জানান ‘বিদ্যায়তনিক পরিসরে দেশ-বিদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, অধ্যাপক ও গবেষকদের নিত্যনতুন চিন্তাভাবনা আদান প্রদানের মাধ্যম হয়ে উঠেছে এই আলোচনা চক্র। নিত্যদিনের বিদ্যায়তনিক চর্চার পাশাপাশি এই ধরনের আলোচনা চক্র খুবই প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। চিন্তা ভাবনার পরিসরকে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য অনলাইন ও অফলাইন এই দুটি মাধ্যমকেই বেছে নিয়েছিল বাংলা বিভাগ। এই আলোচনাচক্রের সঞ্চালনার ভূমিকায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মহর্ষি সরকার এবং সহকারী অধ্যাপিকা ড. সাগরিকা ঘোষ।

আলোচনাচক্রের শেষে অংশগ্রহণকারী ও প্রবন্ধ উপস্থাপকদের হাতে বাংলা বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।
সামগ্রিকভাবে আজকের আলোচনাচক্র সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামীদিনেও বাংলা বিভাগে এই ধরনের আরও আলোচনাচক্রের আয়োজন হবে বলে জানিয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ছন্দা ঘোষাল।