
মেদিনীপুর 2 রা নভেম্বর :
মেদিনীপুর ডিএভি স্কুলের ঝুলিতে ৫২টি পদক। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে নজরকাড়া সাফল্য অর্জন করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—এই পাঁচটি বিভাগে মোট ৫২টি পদক জিতে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে ছাত্রছাত্রীরা।

এর মধ্যে রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক।সারা দেশের ২০টি জোন থেকে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী এই জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ জোন থেকে ২২টি স্কুলের প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী ন্যাশনাল স্পোর্টসে খেলার সুযোগ পেয়েছিল। তাদের মধ্যে মেদিনীপুর ডিএভি স্কুলের মোট ৩৯ জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে।এই প্রতিযোগিতায় বিশেষভাবে নজর কেড়েছে বিদ্যালয়ের ছাত্রী ঐশানী সরকার। সাঁতারের সাতটি ইভেন্টে অংশগ্রহণ করে সাতটিতেই সোনার পদক জয় করে সে। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের নামও উজ্জ্বল হয়েছে।সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এবারের ডিএভি ন্যাশনাল স্পোর্টসে পশ্চিমবঙ্গের স্কুলগুলির মধ্যে সর্বাধিক পদক জিতে জোনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল।

ছাত্রছাত্রীদের এই অভাবনীয় সাফল্যে এইদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের অধ্যক্ষ এন কে গৌতম প্রার্থনা সভায় কৃতী খেলোয়াড়দের সংবর্ধিত করেন। পাশাপাশি তাঁদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করে আগামী দিনে আরও উন্নতির শিখরে পৌঁছনোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান।