
মেদিনীপুর 31 সে জুলাই :
আগামী ২ আগস্ট, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী-এর ভার্চুয়াল সংলাপ “নেশা মুক্ত যুবা ফর বিকশিত ভারত ২০২৬” উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল ও ক্রীড়া বিভাগ (Sports Department)-এর যৌথ উদ্যোগে ৩১ জুলাই, ২০২৬ বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘নেশা মুক্তির দৌড় (Run for Nasha Mukti)’ কর্মসূচির আয়োজন করা হয়।

এই সচেতনতামূলক দৌড়ে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, এনএসএস স্বেচ্ছাসেবক এবং ক্রীড়াবিদরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার এবং বিভিন্ন ইউনিটের এনএসএস প্রোগ্রাম অফিসারবৃন্দ। তাঁদের নেতৃত্বে মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। দৌড় শুরুর পূর্বে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী বক্তব্যে ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর লক্ষ্য ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন থাকার, নিজেকে মাদকমুক্ত রাখার এবং পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, ‘বিকশিত ভারত’ গড়ে তুলতে একটি সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত যুবসমাজের বিকল্প নেই।

এই ‘নেশা মুক্তির দৌড়’ কর্মসূচির মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এনএসএস সেল ও ক্রীড়া বিভাগ মাদকমুক্ত ভারত গঠনের জাতীয় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে এবং দেশের উন্নয়নে যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানায়।