
মেদিনীপুর 4 ঠা আগস্ট :
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি)-এর উদ্যোগে “উদ্ভাবন, স্টার্ট-আপ ও দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা” শীর্ষক একদিনের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, আইকিউএসি-র অধিকর্তা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও বিভিন্ন সংযুক্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা।

এই কর্মশালায় রামাদেবী মহিলা বিশ্ববিদ্যালয়, ওড়িশার ওএসডি ও অধ্যাপক ড. জ্যোতির্ময়ী উদ্গাতা, টাটা স্টিল-এর টি. ভি. এস. শেনয় এবং এমএসএমই বিশেষজ্ঞ সম্বিত দত্ত সম্পদ ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন। তাঁরা জাতীয় শিক্ষানীতি ২০২০-এর আলোকে দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সংযোগ, উদ্যোক্তা সৃষ্টি, স্টার্ট-আপ সংস্কৃতি এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় এর এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সংযুক্ত মহাবিদ্যালয় থেকে প্রায় ৮০ জন অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও মতবিনিময় কর্মসূচিকে অত্যন্ত ফলপ্রসূ করে তোলে। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আহ্বায়ক ড. অভিজিৎ রায় চৌধুরী জানান, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষা, উদ্ভাবন ও উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করা।

যৌথ সমন্বয়ক অধ্যাপক শঙ্কর কুমার রায় স্বাগত ভাষণ প্রদান করেন এবং কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সমগ্র অনুষ্ঠানের সফল সমন্বয় করেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ সমন্বয়ক অধ্যাপক নীলাঞ্জনা দাস চ্যাটার্জী।