DLSA Jhargram : জেলা আইনি পরিষেবার হস্তক্ষেপে চাষের জমিতে বিদ্যুৎ সংযোগ পেলেন চাষী,নয় বছরের সমস্যার সমাধান হলো দশ মাসে! খুশি শ্রীকান্ত

Share

ঝাড়গ্রাম 29 সে অক্টোবর :

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে চাষের জমিতে বিদ্যুৎ সংযোগ পেলেন চাষী, নয় বছরের সমস্যার সমাধান হলো মাত্র দশ মাসে। চাষের জমিতে জল সরবরাহের বিকল্প ব্যবস্থা আছে কিন্তু তা খুবই ব্যায় বহুল। তাই চাষীদের সুবিধার্থে কুলিয়ানা মৌজার নিজ জমিতে সরকারী আর্থিক সহযোগিতায় মিনি পাম্প বসিয়ে ছিলেন গোপীবল্লভপুর দুই নং ব্লকের কুলিয়ানা গ্রামের শ্রীকান্ত মহাপাত্র। চাষের জমিতে বসানো মিনি পাম্পে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য স্থানীয় গোপীবল্লভ পুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে বছর ন’য়েক (৯ বছর) আগে আবেদন করেও বিদ্যুৎ সংযোগ পাননি বলে অভিযোগ করেন শ্রীকান্ত।

এই নিয়ে বহুবার বিদ্যুৎ সংযোগ অফিস সহ নানান অফিসে গিয়েও কোন সমাধান না হওয়ায় এবং আইনি সহায়তা পাওয়ার আসায় স্থানীয় ‘অধিকার মিত্র’ রীতা দাস দত্ত র সাথে সরাসরি যোগাযোগ করেন শ্রীকান্ত মহাপাত্র। এই সমস্যার সমাধানের জন্য গত বছর ডিসেম্বর মাসে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদীর কাছে লিখিত আবেদন জানান শ্রীকান্ত । উক্ত আবেদনের ভিত্তিতে রুজু হয় প্রি লিটিগেশান মামলা। শ্রীকান্তের লিখিত আবেদনের ভিত্তিতে গোপীবল্লভপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসের স্টেশন মেনেজারকে তলব করেন বিচারক। দীর্ঘ শুনানির পরে গোপীবল্লভপুর বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারের পূর্ণ সহযোগিতায় মোট সাতটি ইলেকট্রিক খুঁটি দিয়ে গতকাল মঙ্গলবার শ্রীকান্ত মহাপাত্রের জমিতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই নিয়ে বুধবার উভয় পক্ষের উপস্থিতিতে মামলার নিস্পত্তি হয় ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে।

নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে শ্রীকান্ত জানান,’ আমার দীর্ঘ নয় বছরের সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি বিনামূল্যে সমাধান পেলাম, বিদ্যুৎ সংযোগের ফলে আমাদের এলাকায় প্রায় পঞ্চাশ একর জমির মালিক খুবই উপকৃত হবেন, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *