
মেদিনীপুর 12 ই অক্টোবর :
প্রাকৃতিক পরিস্থিতি স্বাভাবিক হতেই মন্ডপ তৈরীর কাজ চলছে জোর কদমে মেদিনীপুরে। বিশেষ করে বড় বড় থিমের বিগ বাজেটের মন্ডপগুলি এই মুহূর্তে কাজ সেরে ফেলেছেন দ্রুত গতিতে। মেদিনীপুর জেলা শহরের অন্যতম পুজো কমিটি রাঙ্গামাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির ৫৮ তম বর্ষে এবারের থিম ‘ কল্লোলিনী কলকাতা’। কমিটির উদ্যোগ হল মিনি কলকাতা দেখানো জঙ্গলমহলের মানুষকে। প্রায় কুড়ি থেকে ত্রিশ জন মন্ডপকর্তা লেগেছেন এই মন্ডপ সাজিয়ে তোলার কাজে।

এখন পুজোর মরসুম আর কয়েকদিন পরেই দূর্গা পুজোয় মেতে উঠবে বাংলা আর বাঙালি।এরই মধ্যে গোটা রাজ্যেই চলছে দুর্গাপুজোর চরম প্রস্তুতি। একদিকে মৃৎ শিল্পালয়ে হয়ে যেমন চলছে প্রতিমা গড়ার কাজ তখন অন্যদিকে বড় বড় থিমের মন্ডপগুলি সেজে উঠছে অতি তৎপরতার সাথে। জমিদার বাড়ি এবং বনেদি বাড়ির পুজো গুলো সাজছে জোরকদমে। পশ্চিম মেদিনীপুর জেলা আর মেদিনীপুর শহরের এক অন্যতম বড় বাজেটের থিমের পুজো হলো রাঙ্গামাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটি। গুটি গুটি পায়ে এই পুজো এ বছর ৫৮ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছর বড় বড় থিমের উপহার দিয়ে আসছে এই পুজো কমিটির লোকজন। এবারও তা ব্যতিক্রম নয়। এবারে ৩০ লক্ষ টাকা বাজেটের থিম করা হয়েছে’কল্লোলিনি কলকাতা’। রাজ্যের রাজধানী দীর্ঘ সময় ধরে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। কোথাও ইংরেজদের আমলে তৈরি করা হাওড়া সেতু বা মেট্রো রেল এছাড়া রয়েছে জাদুঘর অথবা পরম্পরা মেনে কুমোরটুলির ঠাকুর গড়া।

সবই ফুটিয়ে তুলছেন মন্ডপকর্তারা তাদের এই মন্ডপে। তবে মিনি কলকাতার সঙ্গে প্রতিমাও থাকছে ঠিক সেরকম ভাবেই থিমের উপর তৈরি করা সজ্জিত। ইতিমধ্যে দিনের পাশাপাশি রাতেও একাধিক কর্মী লাগিয়ে মন্ডপ প্রস্তুত করার কাজ চলছে রাঙামাটি মাঠ প্রাঙ্গনে। চতুর্থ থেকে উদ্বোধন ঘটবে পূজোর যা চলবে পুরো দশমী পর্যন্ত। এখন খাবার শোবার সময় নেই। তাই দিনরাত ভুলে এক করে মন্ডপ সাজাতে ব্যস্ত মণ্ডপ কর্মীরা। প্লাস্টিক, থার্মোকল সেই সঙ্গে লোহার বড় বড় বিম ও খাঁচা দিয়ে গড়ে তোলা হচ্ছে মন্ডপ। সেই সঙ্গে কাগজের ফেন্সিং এবং কাগজের মন্ড জোড়া লাগিয়ে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে। যা চলছে শেষ পর্বে শুকানোর পর্ব।

উল্লেখ্য, বছর কয়েক আগে এই পুজো কমিটি অক্ষরধাম মন্দির করে যেমন তাক লাগিয়ে দিয়েছিল তেমনি তাক লাগিয়ে দিয়েছিল বাহুবলির থিমের মন্ডপ গড়ে। এছাড়াও এইখানে দর্শনার্থীদের ভিড় আটকাতে রীতিমতো দুটো গেট তৈরি করছে মন্ডপ কর্তারা।তাতে যেমন থাকে পুলিশের ব্যবস্থা তেমন তাকে ভলেন্টিয়ারের ব্যবস্থা। এছাড়াও গভীর রাত পর্যন্ত চলে দর্শনার্থীদের ঢল। যদিও প্রাকৃতিক বিপর্যয় জলে কাদায় মন্ডপ দেখতে পিছপা হয় না এই জঙ্গলমহলের মানুষজন। একদিকে গড়বেতা, শালবনী অপরদিকে ধেড়ুয়া, চাঁদড়া, পিংলা সবং-এর মানুষ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই মন্ডপ দেখতে ছুটে আসেন গাড়ি ও বাইকে করে।

এ বিষয়ে কমিটির অন্যতম সম্পাদক সুশান্ত ঘোষ বলেন,” এবারে আমাদের ৫৮ বছর বর্ষে পদার্পণ করছে এই পুজো, প্রায় ৩০ লক্ষ টাকা খরচা করে আমরা ঐতিহ্যশালী বিপ্লবী শহর মেদিনীপুর বাসী কে ‘মিনি কলকাতা’ দেখানোর ইচ্ছা রয়েছে। বিশেষ করে এই রাজ্যের রাজধানী কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, পাতাল রেল, হাওড়া ব্রিজ, ঠাকুর তৈরির কুমোরটুলি, প্রিয় হুগলি সেতু, তাছাড়াও যেসব দর্শনীয় স্থান রয়েছে সেগুলি এই জঙ্গলমহলের মানুষকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের এই থিম এ বছরে। প্রতিবছর আমরা সামাজিক বার্তা দিয়েই মন্ডপসজ্জা করে থাকি। এবার একটু ভিন্ন ধরনের থিম করে উপহার দিতে চাই দর্শককে। আমাদের এই জঙ্গলমহলের বহু মানুষ রয়েছে যারা কলকাতা এখনো দেখে উঠতে পারেনি বা কলকাতার দর্শনীয় সব স্থানগুলো দর্শন করে পারেনি তাদের জন্য এই উদ্যোগ। কারন এই কলকাতার নাম ভারতবর্ষে তো বটেই, সেই সঙ্গে বিশ্বের দরবারে নাম রয়েছে কলকাতার।

আর তাই তাকে আরো ভালোভাবে তুলে ধরার জন্যই আমাদের এই থিমের কাজ। এর আগে আমরা নাটমন্দির করেছি, বাহুবলি করেছি, অক্ষরধাম মন্দির করেছি এমন বহু থিমের মণ্ডপ করেছি যা দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছে আমাদের এখানে। সবার কাছে একটাই বার্তা আসুন দেখে যান মিনি কলকাতাকে।”