Rashmi Groups : স্কুলের মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করতে নতুন আশার আলো’রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপ’ ! একাধিক স্কুলের 13 জন পড়ুয়া পেল স্কলার শিপ

Share

খড়গপুর, ৭ আগস্ট:

মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যে খড়গপুরের হোটেল ইভেন্ট ভিউ-তে অনুষ্ঠিত হল ‘রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬’। এক অভিনব ও মহৎ ভাবনা থেকে রশ্মি গ্রুপের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষাবৃত্তি।

একদিকে ব্যবসার মাধ্যমে এলাকার মানুষকে কর্মসংস্থান অন্যদিকে পড়ুয়াদের সহায়তা করে উচ্চশিক্ষায় বিশেষ সাহায্য করতে এগিয়ে এলো রশ্মি গ্রুপ। এই দিন এই বিশেষ স্কলারশিপ কর্মসূচিতে ওয়ালিপুর হাই স্কুল, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন এবং বরকলা বিবেকানন্দ হাই স্কুলের মোট ১৩ জন কৃতী ছাত্রছাত্রীকে সম্মানিত করা হয়। মোট সর্বোচ্চ নম্বর এবং বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ নম্বর এবং ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত ছাত্রছাত্রীদের হাতে রশ্মি গ্রুপের পক্ষ থেকে ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। এই আর্থিক সহায়তা তাঁদের আগামী দিনের শিক্ষাজীবন ও উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক ড. ভীম চরণ মেইকাপ,(এইচ এ জি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী, সাদতপুর থানার আইসি তপন কুমার মাইতি, কৃষি কর্মাধ্যক্ষ উজ্জলা ঘোষ, সমাজসেবী নিতাই কারক, প্রাক্তন শিক্ষক দুর্গাপদ ঘোষ, বরকলা বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রতাপ নারায়ণ পারিয়া, ওয়ালিপুর হাই স্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর পাণ্ডা, বরকলা বিবেকানন্দ হাই স্কুলের শিক্ষক স্বপন কুমার সরেন এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মনোজ দে সহ রশ্মি গ্রুপের বিশিষ্ট ব্যক্তিবর্গ।স্কলারশিপ পাওয়ার আনন্দ ও ভবিষ্যতের স্বপ্ন ছাত্রছাত্রীদের হাসিমুখেই স্পষ্ট হয়ে ওঠে। তাঁদের এই প্রাপ্তি যে শুধু আর্থিক সহায়তা নয়, বরং আগামী দিনে আরও ভালো করার এক বড় অনুপ্রেরণা তা অনুষ্ঠানের পরিবেশেই প্রতিফলিত হয়। একইসঙ্গে উপস্থিত এক অভিভাবকের মুখে শোনা যায় এই উদ্যোগের জন্য উচ্ছ্বাস ও কৃতজ্ঞতার কথা।

অনুষ্ঠানের শেষ পর্বে রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ চৌধুরী জানান,’আজকের স্কলার শিপপ্রাপ্ত ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নির্দিষ্ট সার্টিফিকেট নিয়ে রশ্মি গ্রুপের সঙ্গে যোগাযোগ করলে তাঁদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও সম্ভাব্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে।’ এই ঘোষণা ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করে। সব মিলিয়ে, খড়গপুরের হোটেল ইভেন্ট ভিউ-তে অনুষ্ঠিত ‘রশ্মি শিক্ষা জ্যোতি স্কলারশিপ প্রোগ্রাম’ শুধু একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়ে থাকল না; এটি হয়ে উঠল মেধা, স্বপ্ন এবং ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য উদ্যোগ।

মূলত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করার এই উদ্যোগের মধ্য দিয়ে রেশ্মি গ্রুপ খড়গপুরের আগামী প্রজন্মের জন্য এক নতুন আলোর দিশা দেখাল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *