
মেদিনীপুর 8 ই আগস্ট :
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো শ্রাবণী মেলা। বর্ষার আবহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মেলা ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, আধিকারিক ও শিক্ষা কর্মীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতাকে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই মেলায় নানা ধরনের হস্তশিল্প, পুস্তক ও অনান্য জিনিসের স্টল সকলের নজর কাড়ে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থবিভাগের সেল্স কাউন্টারের উদ্বোধন করা হয় এইদিন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশন ও গ্রন্থ সম্ভারকে সহজে সকলের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সেল্স কাউন্টার এবং শ্রাবণী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থগুচ্ছ কমিটির সভাপতি অধ্যপক মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, উইমেনস স্টাডি সেন্টারের ডিরেক্টর অধ্যাপক জলি দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগের আহ্বায়ক ড. সৌদীপ সাউ, রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপ্না ঘোড়ই এবং গ্রন্থগুচ্ছ কমিটির সদস্যবৃন্দ। উদ্বোধনী ভাষণে উপাচার্য শ্রাবণী মেলা এবং সেল্স কাউন্টার উদ্বোধনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করেন।

তিনি জানান,’বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত গ্রন্থগুলি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। এছাড়াও ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগও এর অন্যতম লক্ষ্য। কেননা এই সেল্স কাউন্টারে রাখা হবে তাদের তৈরি নানান হস্তশিল্প।’

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই দিন এই মেলা পরিদর্শন করেন এবং স্টলে প্রদর্শিত প্রতিটি শিল্পকলার ভূয়সী প্রশংসা করেন। প্রথম দিনের উপচে পড়া ভিড় এই অনুষ্ঠানের সার্থকতাকে প্রমাণ করে।