Vidyasagar University : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ICSTS 2026 আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে! আতিথেয়তায় রোবট

Share

মেদিনীপুর 26 সে নভেম্বর :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন “Scientific and Technological Synergy: A Cross-Disciplinary Approach to Support Human Welfare and Environment” (ICSTS 2026)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এইদিন বিশ্ববিদ্যালয়ের ১৪ টি বিভাগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই সম্মেলন আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। মানবকল্যাণ, পরিবেশের স্থায়িত্ব এবং প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সম্পর্কিত সমসাময়িক সমস্যাগুলির সমাধানে আন্তঃবিষয়ক গবেষণা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানোই এই আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য। এই সম্মেলনে ভারতসহ বিশ্বের আরও সাতটি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, প্রযুক্তিবিদ ও বিদ্বজ্জনের সমাগম ঘটেছে।এইদিন সকাল ১১টায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। তিনি গুণগত গবেষণা, শিক্ষার উৎকর্ষ এবং পারস্পরিক সহযোগিতামূলক উদ্যোগের প্রসারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা তুলে ধরেন। পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে সামাজিক চাহিদার সমন্বয়ের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী উদ্বোধনী ভাষণ প্রদান করেন। তাঁর বক্তব্যে মানবকল্যাণ, পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং সমাজের ভবিষ্যৎ নির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও জৈবপ্রযুক্তির রূপান্তরমূলক ভূমিকার কথা বিশেষভাবে উঠে আসে।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী আন্তঃবিষয়ক গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং জটিল সামাজিক ও পরিবেশগত সমস্যার সমাধানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ও স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণার বিভিন্ন সম্ভাবনার কথা উল্লেখ করেন। তাঁর এই প্রস্তাব দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ শিক্ষা ও গবেষণামূলক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্রের অধীনে বিরল ও বিপন্ন উদ্ভিদ উদ্যান (Rare and Threatened Plant Garden), প্রাকৃতিক মৃত্তিকা সংরক্ষণকারী উদ্ভিদ উদ্যান (Natural Soil-Binding Plant Garden) এবং প্রাকৃতিক তন্তু উদ্ভিদ উদ্যান (Natural Fibre Plant Garden)-এর শুভ উদ্বোধন। পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী এই উদ্যানগুলির উদ্বোধন করেন।

এই উদ্যোগ জীববৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন উদ্ভিদ প্রজাতির সুরক্ষা, মূল্যবান উদ্ভিদ জিনগত সম্পদের সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কার্যক্রমের প্রসারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে।সম্মেলনের উদ্দেশ্য, তাৎপর্য এবং আন্তঃবিষয়ক গবেষণার দৃষ্টিভঙ্গি নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি প্রদান করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা। তিনি উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক সহযোগিতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গের হাত ধরে ICSTS 2026-এর বুক অব অ্যাবস্ট্রাক্টস (Book of Abstracts) প্রকাশিত হয়, যা সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ও গবেষণামূলক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইটি খড়গপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক সমঝোতাপত্র (Memorandum of Understanding বা MoU) স্বাক্ষর। এই সমঝোতা গুলির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি যৌথ গবেষণা, শিক্ষক ও ছাত্রছাত্রীদের আদান-প্রদান, জ্ঞান বিনিময় এবং বিভিন্ন শিক্ষামূলক ও গবেষণামূলক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।আন্তর্জাতিক সম্মেলনের তাৎপর্য আরও বৃদ্ধি করেন পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রি। তিনি মূল বক্তা (Keynote Speaker) হিসেবে তাঁর বক্তব্যে বিভিন্ন বিষয় ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারী গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে গবেষণামূলক অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রাক্তনী ড. শঙ্কর কুমার গুছাইত। তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জাতীয় স্তরের স্টেডিয়াম প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে।

এই আন্তর্জাতিক সম্মেলনে মোট ৩২ জন পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তা (Plenary Speakers) অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে ৭ জন আন্তর্জাতিক এবং ২৫ জন জাতীয় স্তরের বিশিষ্ট বক্তা রয়েছেন। তাঁরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় তাঁদের গবেষণালব্ধ ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরছেন। পাশাপাশি ছয়টি উপবিষয়ের অধীনে প্রায় ৩০০টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে উপস্থাপিত হচ্ছে। এর ফলে গবেষক, ছাত্রছাত্রী ও বিদ্বজ্জনদের মধ্যে জ্ঞান বিনিময়, আলোচনা এবং আন্তঃবিষয়ক মতবিনিময়ের এক সমৃদ্ধ পরিবেশ তৈরি হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ১,২০০ জন স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক এবং অন্যান্য অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগদান করেছেন।সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক দিলীপ কুমার মাইতির ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে উদ্বোধনী অধিবেশনের পরিসমাপ্তি ঘটে। তিনি প্রধান অতিথি, সম্মানিত অতিথি, মূল বক্তা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, প্রতিনিধি, গবেষক এবং সম্মেলনের সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সম্মেলনের অন্যতম আকর্ষণ হলো বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী (Science and Technology Expo)। এই প্রদর্শনীতে মোট ২১টি স্টল স্থান পেয়েছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারতীয় জাদুঘর (Indian Museum), ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (Archaeological Survey of India বা ASI), প্রাণিবিদ্যা সর্বেক্ষণ (Zoological Survey of India বা ZSI), উদ্ভিদবিদ্যা সর্বেক্ষণ (Botanical Survey of India বা BSI), আইআইটি খড়গপুর, WWF, ROBONIX, Jayjyoti, Jindal Steel-সহ বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ। এই প্রদর্শনীর মাধ্যমে বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণামূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্য ও অর্জন তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ICSTS 2026-এর সফল আয়োজনের পেছনে বিভিন্ন জাতীয় অর্থায়নকারী সংস্থা, প্রতিষ্ঠান এবং শিল্প সংস্থার মূল্যবান আর্থিক সহায়তা ও সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আন্তর্জাতিক সম্মেলনটি ANRF, ICSSR, DBT, CSIR, INCOIS, Chirantan Rasayan Sanstha, ACS, Rashmi, ChemBio Tech, Jindal Steel, Megathron-সহ অন্যান্য সহযোগী সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞ তা জ্ঞাপন করছে। তাঁদের আর্থিক সহায়তা ও সহযোগিতা এই আন্তর্জাতিক শিক্ষামূলক অনুষ্ঠানের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ প্রসঙ্গে সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক দিলীপ কুমার মাইতি বিভিন্ন জাতীয় অর্থায়নকারী সংস্থা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন যে, তাঁদের উদার সহযোগিতা ও সহায়তা এই সম্মেলনের সফল আয়োজনে বিশেষভাবে সহায়ক হয়েছে। এই ICSTS 2026 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামূলক ও গবেষণামূলক কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং বিশ্ববিদ্যালয়ের বার্ষিক শিক্ষা-সংক্রান্ত কর্মসূচিতে এক উল্লেখযোগ্য সংযোজন। বিভিন্ন বিষয়ের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ছাত্রছাত্রী এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের এক আন্তর্জাতিক মঞ্চে একত্রিত করার মাধ্যমে এই সম্মেলন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, গবেষণামূলক সহযোগিতা এবং বৈজ্ঞানিক অগ্রগতির এক নতুন দিশা উন্মোচন করেছে।এই সম্মেলন মানবকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে উদ্ভাবনী সমাধান খুঁজে পেতে আন্তঃবিষয়ক সহযোগিতার অপরিহার্য গুরুত্বকে তুলে ধরেছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট বিশেষজ্ঞদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমকালীন বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্রমবর্ধমান গুরুত্বকেই প্রতিফলিত করে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *