
মেদিনীপুর 12 ই আগস্ট :
পুজোর আগে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন মেদিনীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড কংগ্রেসের। এই দিন হার্ট, চোখ সেই সঙ্গে রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় বিনামূল্যে। মেদিনীপুরের কয়েক শতাধিক মানুষ এই স্বাস্থ্য ক্যাম্পে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। কংগ্রেসের দাবি, কেন্দ্রে রাজ্যে ক্ষমতা নেই কিন্তু মানুষের পাশে রয়েছে কংগ্রেস।

মেদিনীপুর পৌরসভা এলাকার অসহায় মানুষের পাশে থাকার জন্য সেই সঙ্গে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো মেদিনীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কংগ্রেস। এদিন শহরের মীর বাজারের একটি লজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্যের পরীক্ষা করান। সেই সঙ্গে হার্টের পরীক্ষা করান শতাধিক মানুষ। এরই পাশাপাশি ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা সহ চোখের পরীক্ষা করানো হয়। বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা করান ইন্ডিয়া ফার্মাসি পলিক্লিনিকের ডাক্তারবাবুরা। এই অনুষ্ঠানে এই দিন অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সমীর রায়,শম্ভুনাথ চ্যাটার্জী, পার্থ ভট্টাচার্য,কাউন্সিলর মহম্মদ সাইফুল সহ অন্যান্যরা। এদিন এই স্বাস্থ্য অনুষ্ঠানের তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জীব সিট সহ তার পুরো টিম। সকাল থেকেই এদিন ভিড় লেগে যায় এই স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে এলাকার মানুষের।

এ বিষয়ে কংগ্রেসের দাবি কেন্দ্রে এবং রাজ্যে কোন সরকারেই তারা নেই কিন্তু মানুষের পাশে রয়েছে। আর সেই পাশে থাকার বার্তা দিয়েই এই ধরনের স্বাস্থ্য ক্যাম্প শহরে।

এইদিন এ বিষয়ে কংগ্রেসের সম্পাদক তথা ১০ নং ওয়ার্ডের কংগ্রেস নেতা সঞ্জীব সিট বলেন,”এলাকার মানুষের স্বাস্থ্যের পরীক্ষা করানোর জন্যই এই ধরনের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন। আমাদের মূল বার্তা হল আমরা কেন্দ্র ও রাজ্যে ক্ষমতায় নেই কিন্তু আমরা মানুষের পাশে রয়েছি। আর মানুষের পাশে থাকার জন্যই তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাই আমাদের এই ধরনের স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন। আগামী দিনে আমরা আরও বড় ধরনের স্বাস্থ্য ক্যাম্প করব যাতে, এই দুঃস্থ অসহায় মানুষের সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে।”