
বুড়িশোল 11 ই আগস্ট :
দেশপ্রেম, জাতীয় সংহতি, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রামীণ সম্প্রদায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের NSS Cell ও Unnat Bharat Abhiyan (UBA)-এর উদ্যোগে ১১ আগস্ট ২০২৬ তারিখে বুড়িশোল গ্রামে একটি বিশেষ ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রামের বাসিন্দা, স্কুলের ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলা এবং প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও সুদৃঢ় করা। এই উপলক্ষে গ্রামের বাসিন্দা ও স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়। জাতীয় পতাকা হাতে পেয়ে ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের মধ্যে বিশেষ উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
সমাজের আর্থিকভাবে অসচ্ছল ও প্রয়োজনমতো সহায়তা প্রয়োজন এমন গ্রামবাসীদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠানে প্রয়োজনীয় পোশাক ও ড্রেস সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগ NSS-এর সামাজিক সেবা এবং Unnat Bharat Abhiyan-এর মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও সম্প্রদায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ আরও শক্তিশালী করার অঙ্গীকারকে প্রতিফলিত করে।

১১ ই আগস্ট দিনটি আরও একটি বিশেষ কারণে স্মরণীয়। এই দিনেই ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসু-কে ফাঁসি দেওয়া হয়েছিল। তাঁর আত্ম বলিদান কে স্মরণ করে অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ও প্রণাম জ্ঞাপন করা হয়। মাত্র ১৮ বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ এবং অসীম সাহস আজও তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও আত্মনিবেদনের শিক্ষা দেয়। অনুষ্ঠানে তাঁর স্মৃতি ও আদর্শ ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হয়। এই অনুষ্ঠানে অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, NSS Programme Coordinator, অধ্যাপক মধুমঙ্গল পাল, Director, IQAC,-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং জাতীয় স্বার্থে সামাজিক দায়বদ্ধতা পালনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও দেশাত্মবোধের সঙ্গে সমগ্র কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তাঁদের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে তরুণ প্রজন্ম জাতীয় স্বার্থ, সামাজিক সেবা এবং গ্রামীণ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট সচেতন ও আগ্রহী।‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিটি তাই শুধুমাত্র জাতীয় পতাকা বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং এটি দেশপ্রেম, সামাজিক সেবা, গ্রামীণ উন্নয়ন, যুবসমাজের অংশগ্রহণ এবং স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের স্মরণ—এই সমস্ত বিষয়কে একসূত্রে যুক্ত করেছে। NSS এবং Unnat Bharat Abhiyan-এর এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও গ্রামীণ সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।