
পূর্ব মেদিনীপুর 13 ই সেপ্টেম্বর :
সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণ ও উপকূলীয় জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীঘাতে অবস্থিত ভারত সরকারের ‘ভারতীয় জাতীয় মহাসাগর তথ্য পরিষেবা কেন্দ্র (INCOIS), এর অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় পর্যবেক্ষণ ও প্রচার কেন্দ্র (Coastal Observatory and Outreach Centre) এবং পরিবেশবিদ্যা অধ্যয়ন কেন্দ্র (Centre for Environmental Studies ) যৌথ উদ্যোগে রবিবার সফলভাবে সম্পন্ন হল মেগা ‘স্বচ্ছ সাগর, সুরক্ষিত সাগর’ সচেতনতা ও সৈকত পরিচ্ছন্নতা অভিযান।

মূলত পূর্ব মেদিনীপুরের দুটি গুরুত্বপূর্ণ সৈকত মান্দার মণির দক্ষিণ পুরুষোত্তমপুর এবং বগুড়ান-জলপাই সৈকতে একযোগে আয়োজিত হয় এই কর্মসূচি। ভারত সরকারের ভূ-বিজ্ঞান মন্ত্রকের অধীনস্থ ভারতীয় জাতীয় সমুদ্র তথ্য পরিষেবা কেন্দ্র (INCOIS)এর আনুষ্ঠানিক সমন্বয়ে আয়োজিত এই কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে উৎসাহিত করেন রামনগর বিধানসভার বিধায়ক ড. চন্দ্রশেখর মণ্ডল এবং মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. স্বপন কুমার মিশ্র। সমগ্র কর্মসূচিটি পরিচালিত হয় পরিবেশবিদ্যা অধ্যয়ন কেন্দ্রের অধিকর্তা, উপকূলীয় পর্যবেক্ষণ ও প্রচার কেন্দ্রের সমন্বয়ক এবং INCOIS গবেষণা প্রকল্পের প্রধান নির্দেশক ড. যতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে। কেন্দ্রীয় স্তর থেকে উপস্থিত ছিলেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীনিবাস রাও গাঙ্গি রেড্ডি এবং INCOIS-এর বিজ্ঞানীও গ্রুপ লিডার শ্রী ই. পট্টাভি রামা রাও।

উল্লেখ্য,শিক্ষা ও গবেষণার বহুমাত্রিক সহযোগিতার নিদর্শন হিসেবে এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ওশান জিওম্যাটিক্স উইথ এআই বিভাগের ড. সৌরভ মাইতি এবং রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগের অধ্যাপক ড. নিরুপম আচার্য্য ও ড. অমৃত কামিলা। সামগ্রিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু পরিচালনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন ভারত সরকারের INCOIS-MoES অনুমোদিত প্রোজেক্টের তথা বিশ্ববিদ্যালয়ের গবেষক সৌম্যকান্তি পণ্ডা এবং মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক স্নেহাশিস মণ্ডল, গবেষক শ্রী অভীক সাহা।পরিবেশ সুরক্ষার অভিন্ন অঙ্গীকারে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কাজলা জনকল্যাণ সমিতির সদস্য,স্থানীয় গ্রামবাসী ও ঐতিহ্যবাহী মৎস্যজীবী সম্প্রদায়ের তিনশোর অধিক উৎসাহী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৈকতে নেমে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার করেন এবং রক্ষণশীল উপকূলীয় জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে দেশব্যাপী স্বচ্ছতা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনে নিরন্তর অনুপ্রেরণা জোগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। একাডেমিক গবেষণা, সরকারি পৃষ্ঠপোষকতা ও জন-অংশগ্রহণের এই সফল মেলবন্ধন আগামী প্রজন্মের জন্য এক স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও নিরাপদ সামুদ্রিক ভবিষ্যৎ গড়ার জাতীয় সংকল্পকে আরও দৃঢ় করল।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দীঘাস্থিত এই সমুদ্র ও উপকূলীয় গবেষণা কেন্দ্রের সার্বিক বিকাশ ,পূর্ব ভারতের এক অনন্য আঞ্চলিক গবেষণা কেন্দ্র রূপে উন্নীত হওয়ার আশা রাখেন।