
নারায়ণগড় 27 সে সেপ্টেম্বর :
রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরগামী ডাউন লাইনে ঘটে গেল বড়সড় বিপত্তি। লাইনের উপর লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ির একাধিক ওয়াগন। দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে, মালগাড়িটির দু’টি বগি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনার জেরে ওই শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল।

এবার লাইনচ্যুত হল মালগাড়ি আর যার জেরে দুর্ঘটনাগ্রস্ত মাল গাড়ির বগি গুলি। তবে কেন ঘটলো কিভাবে ঘটলো তা বিভাগীয় তদন্ত করে করে দেখছে খড়্গপুর রেল দপ্তর। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল প্রায় সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। এ দিন নারায়ণগড় স্টেশন থেকে মালগাড়িটি ছেড়ে বেনাপুরের দিকে যাওয়ার জন্য এগোচ্ছিল। সেই সময়েই আচমকা বিপত্তি ঘটে। চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে বেশ কয়েকটি বগি ছেড়ে ট্রেনের কাপলিং আচমকা খুলে যায়। এরপরই মাঝখানের দু’টি বগি তীব্র ঝাঁকুনি দিয়ে লাইন থেকে ছিটকে বেলাইন হয়ে পড়ে। দুর্ঘটনার আঁচ পেতেই তৎক্ষণাৎ তৎপর হয়ে জরুরি ব্রেক কষেন মালগাড়ির চালক। এর ফলে বড় ধরনের আরও কোনও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ঝাঁকুনির তীব্রতায় মাঝের দু’টি বগি লাইনের ওপর কার্যত তালগোল পাকিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে বিকট শব্দ শুনে তাঁরা ঘর ছেড়ে রেললাইনের দিকে ছুটে আসেন।

এসে তাঁরা দেখতে পান মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হয়ে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, দুর্ঘটনার অভিঘাত এতটাই জোরালো ছিল যে ট্রেনের বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে উপড়ে ও বেঁকে গিয়েছে রেললাইন। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের ওভারহেড বৈদ্যুতিক তারও। ফলে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেন চলাচলের উপযুক্ত পরিকাঠামো সাময়িকভাবে ভেঙে পড়ে। খবর ছড়াতেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়েই খড়্গপুর ডিভিশন থেকে ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের বিশেষ উদ্ধারকারী দল। তবে ঠিক কী কারণে ট্রেনের কাপলিং খুলে গেল এবং বগিগুলি বেলাইন হলো, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি নাকি লাইনে কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। ডাউন লাইন বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই শাখায় সাময়িকভাবে ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লাইন থেকে দুমড়ে যাওয়া বগিগুলি সরানো এবং রেললাইন ও ওভারহেড তারের মেরামতির কাজ শুরু হয়েছে জোরকদমে।

এই বিষয়ে গোপাল মাহাতো নামে স্থানীয় এক বাসিন্দা বলেন,’ লাইন থেকে লাইনচ্যুত হয়ে মালগাড়ির কয়েকটি বগি, দুমড়ে যায় একে অপরের উপরে উঠে পড়ে। এই ঘটনায় দেখা গেছে পুরো এলাকা জুড়েই ট্রেন চলাচল বন্ধ। জানিনা কখনো আবার রেল চলাচল শুরু হবে। বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল রেল প্রশাসন।’
রেলের তরফে জানানো হয়েছে, লাইন পুরোপুরি মেরামত করে সুরক্ষা নিশ্চিত করার পরেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।