
মোহনপুর 9 ই জুন :
মোহনপুরে অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে পুলিশি অভিযান, উদ্ধার ২৮টি কচ্ছপ, গ্রেপ্তার ১ যা নিয়ে চাঞ্চল্য এলাকায়। তবে পুলিশ এই ঘটনায় ধৃত কে নিয়ে তদন্ত করে খতিয়ে দেখছে এর পেছনে কারা কারা জড়িত রয়েছে। কোথা থেকে এলো এই অবলা জীবগুলি।

পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার অন্তর্গত বৈতা বাজারে অবৈধভাবে কচ্ছপ বিক্রির অভিযোগে অভিযান চালালো মোহনপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই বাজার এলাকায় হানা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈতা বাজারে গোপনে কচ্ছপ বিক্রির কাজ চলছিলো। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২৮টি কচ্ছপ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কচ্ছপগুলি কোথা থেকে আনা হয়েছিলো এবং এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে মোহনপুর থানার পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, জঙ্গলমহল অধ্যুষিত এই পশ্চিম মেদিনীপুরের আনাচে-কানাচে বহুবার এই ধরনের অবলা প্রাণীদের বিক্রি করতে দেখা যায়। কখনো বাসে কখনো ট্রেনে কখনো বা গাড়িতে করে তাদের পাচার করা হয় এই জেলা থেকে ভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্যে। কারণ এই অবলা প্রাণীদের পাচার করার ফলে প্রচুর টাকা ইনকাম করে চোরাচালান কারীরা। আর তাদের ধরতে সদা জাগ্রত রয়েছে বনদপ্তর। তবে এ ক্ষেত্রে আরো কড়া সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করছে এলাকার মানুষজন। নাহলে অকালে হারিয়ে যাবে ভারসাম্য রক্ষাকারী এইসব প্রাণীরা।