Vidyasgar University : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘পরশ’ ও ‘সিডিআরএস’-এর উদ্বোধন! ডিজিটাল ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নতুন দিগন্ত

Share

মেদিনীপুর 17 ই জুলাই :

উচ্চশিক্ষার প্রসার এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে আরও এক ধাপ এগিয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ১৭ জুলাই, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ— ‘পরশ’ (Enabling Unit for the Visually Impaired) এবং ‘সেন্টার ফর ডিজিটাল রিসোর্সেস অ্যান্ড সার্ভিসেস’ (CDRS)। দুটি বিভাগেরই দ্বারোদ্ঘাটন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দৃষ্টিহীন ও ক্ষীণদৃষ্টিসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিশেষায়িতভাবে গড়ে তোলা হয়েছে ‘পরশ’ বিভাগটি। এই বিভাগে রয়েছে রিফ্রেশেবল ব্রেল ডিসপ্লে, PEARL স্ক্যানার রিডার, স্ক্রিন রিডার এবং স্ক্রিন ম্যাগনিফায়ার সহ সর্বাধুনিক সহায়ক প্রযুক্তি। এর ফলে দৃষ্টি প্রতিবন্ধী পাঠকেরা যেকোনো মুদ্রিত বই ও নথিপত্র নিমেষেই ডিজিটাল রূপে রূপান্তর করে শুনতে পারবেন। পাশাপাশি, অনলাইন লেখাপত্র স্বয়ংক্রিয়ভাবে পাঠ করা এবং স্ক্রিনে বড় আকারে দেখার সুবিধাও মিলবে এখানে। এই অভিনব উদ্যোগের ফলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীরা সম্পূর্ণ স্বনির্ভরভাবে তাঁদের পড়াশোনা ও উচ্চতর গবেষণা চালিয়ে যেতে পারবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।

অন্যদিকে, ডিজিটাল যুগের চাহিদার কথা মাথায় রেখে চালু করা হয়েছে ‘সিডিআরএস’ (CDRS) বিভাগটি। এটিকে মূলত কেন্দ্রীয় গ্রন্থাগারের বৈদ্যুতিন তথ্যসম্পদ ব্যবহারের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকেরা এক ছাদের তলায় বসেই ই-বুক, ই-জার্নাল এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা ডেটাবেস ব্যবহারের সুযোগ পাবেন। এর পাশাপাশি Shodhganga, ONOS, DELNET, NDLI, E-PG Pathshala, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘Institutional Repository’ এবং Kindle Unlimited-এর মতো বিশাল ডিজিটাল লাইব্রেরির অ্যাক্সেসও মিলবে এই বিভাগ থেকে।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং ডিজিটাল শিক্ষার প্রসারে যে উদ্যোগ গ্রহণ করেছে, ‘পরশ’ ও সিডিআরএস সেই উদ্যোগেরই গুরুত্বপূর্ণ সংযোজন।

তিনি আশা প্রকাশ করেন, এই দুটি বিভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষক-শিক্ষিকাদের পাঠ, গবেষণা ও তথ্য প্রাপ্তিকে আরও সমৃদ্ধ ও সহজলভ্য করে তুলবে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী দের উৎসাহী উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in