
বেলদা 19 সে জুন :
স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার বসাতে দেবেন না’ এই অভিযোগ জানিয়ে রাজ্য জুড়ে চলছে তীব্র গ্রাহক আন্দোলন। অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (ABECA) প্রতিরোধ আন্দোলনের ডাক দিয়েছে।

ট্রান্সফর্মার ভিত্তিক প্রতিরোধ কমিটি গড়ে তুলে এই ভয়ংকর যন্ত্র প্রতিরোধে দলমত, ধর্ম বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সঙ্ঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তারা। সেই সঙ্গে আগামী ২৩ শে জুন সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। তারই প্রচার অভিযান চলল আজ বেলদায়। মূলত তাদের অভিযোগ রাজ্যে ক্ষমতায় আসার পর এ রাজ্যে স্মার্ট মিটার বসানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী ও রাজ্য সরকার। কিন্তু এই স্মার্ট মিটার আইনানুগ নয়, বাধ্যতামূলক ও নয়। তাই গত ২ রা এপ্রিল সংসদে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টার- ‘স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, বলপূর্বক বসানো হবে না’ এই ঘোষণা করেছিলেন। কিন্তু নিজেদের ঘোষণাকে অস্বীকার করে রাজ্য সরকার ফরমান জারি করেছে জোর করে স্মার্ট মিটার বসানোর। এই লুটের যন্ত্র জোর করে বসানোর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে বদ্ধপরিকর গ্রাহক সংগঠন।

এইদিন বেলদার কেশিয়াড়ি মোড় থেকে শুরু করে বেলদার বিভিন্ন বাজারে প্রচারপত্র বিলি ও স্মার্ট মিটারের ভয়াবহ দিক নিয়ে ক্যাম্পেইন চালানো হয়। বেলদার ট্রাফিক মোড়ে হয় সভা। বক্তব্য রাখেন ABECA এর রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য বিদ্যাভূষণ দে, রাজ্য কমিটির সদস্য দীপক পাত্র প্রমুখ। আগামী ২৩শে জুন বেলদার বিশাল বিক্ষোভ মিছিল ও স্মার্ট মিটারে অগ্নিসংযোগের কর্মসূচির কথা ঘোষণা করেন বিদ্যাভূষণ দে। সকাল ৯.৩০ এ কেশিয়াড়ি মোড় থেকে এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ABECA এর রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস।

সর্বস্তরের গ্রাহক সমাজকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হওয়ার এবং স্মার্ট মিটার বসাতে এলে ফেরত পাঠানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।